বিচ্ছেদের বাজার
উকিল মুন্সি
জন্মবার্ষিকী স্মারক আয়োজন
২০২৬
বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ
‘বিচ্ছেদের বাজার: বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ’ ছিল ভাটি বাংলার বিরহী বাউল সাধক ও গীতিকার উকিল মুন্সির জীবন, গান, দর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে কেন্দ্র করে আয়োজিত একটি আন্তঃবিষয়ক সাংস্কৃতিক আয়োজন। উকিল মুন্সির জন্মবার্ষিকিকে উপলক্ষ করে আয়োজিত এই অনুষ্ঠান তাঁকে কেবল অতীতের একজন লোকশিল্পী হিসেবে স্মরণ করার পরিবর্তে তাঁর গান ও জীবনবোধের মধ্য দিয়ে ‘বিচ্ছেদ’কে নতুনভাবে পাঠ করার একটি প্রয়াস।
বাংলার বাউল ও লোকসংগীতের ধারায় ‘বিরহ’ কেবল প্রিয়জনের অনুপস্থিতির অনুভূতি নয়; এটি মানুষের আধ্যাত্মিক, সামাজিক ও অস্তিত্বগত অবস্থানেরও এক গভীর রূপক। প্রিয় ও প্রেয়সীর দূরত্ব, মানুষের সঙ্গে তার সৃষ্টির দূরত্ব কিংবা নিজের অন্তর্গত সত্তার সঙ্গে বিচ্ছিন্নতা—বিভিন্ন রূপে এই অভিজ্ঞতা লোকগানের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। ‘বিচ্ছেদের বাজার’ সেই ঐতিহ্যের সঙ্গে সমকালীন মানুষের শিকড়চ্যুতি, সাংস্কৃতিক দূরত্ব ও অস্তিত্বের বিচ্ছিন্নতাকে পাশাপাশি রেখে অতীত ও বর্তমানের মধ্যে একটি সংলাপ নির্মাণের চেষ্টা করেছে।
আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল উকিল মুন্সির হারিয়ে যাওয়া মুখের গবেষণাভিত্তিক পুনর্গঠন। দীর্ঘদিন তাঁর কোনো নির্ভরযোগ্য প্রতিকৃতি না থাকায় তাঁর পরিচয় উপস্থাপনের ক্ষেত্রে বিভ্রান্তিরও সুযোগ তৈরি হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ, নিকটাত্মীয়দের মুখাবয়ব বিশ্লেষণ, পারিবারিক বয়ান, উকিল মুন্সির জীবনধারা এবং সমসাময়িক বাউলদের ভিজ্যুয়াল উপাত্তের ভিত্তিতে শিল্পীরা একটি সম্ভাব্য প্রতিকৃতি নির্মাণ করেন। পরবর্তীতে তাঁর বংশধর, জ্ঞাতিজন ও প্রত্যক্ষদর্শীদের মতামত ও প্রত্যয়নের মাধ্যমে প্রতিকৃতিটি চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়া একটি হারিয়ে যাওয়া সাংস্কৃতিক মুখকে পুনরায় দৃশ্যমান করার পাশাপাশি স্মৃতি, প্রমাণ ও শিল্পের সম্পর্ক নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে।
অনুষ্ঠানে সমকালীন শিল্পীদের নির্মিত দৃশ্যশিল্পের প্রদর্শনী, ‘আলাপ’ শীর্ষক আলোচনা এবং উকিল মুন্সির গান ও ভাটির বিরহধারার পরিবেশনা অনুষ্ঠিত হয়। গবেষক, গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা, রাজনৈতিক চিন্তাবিদ, দৃশ্যশিল্পী এবং নবীন-প্রবীণ বাউল শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে বিভিন্ন জ্ঞান ও শিল্পভাষার একটি সম্মিলিত পরিসর।
একটি পরিত্যক্ত ট্যানারি ভবনে পরিচালিত KUN Creative Studio-এর বিকল্প শিল্পপরিসরে আয়োজিত ‘বিচ্ছেদের বাজার’ তাই কেবল একটি স্মারক অনুষ্ঠান নয়; এটি লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে সমকালীন শিল্প ও চিন্তার আলোকে পুনর্পাঠের একটি প্রয়াস। বিচ্ছেদের কথা বলতে গিয়ে আয়োজনটি শেষ পর্যন্ত ফিরে যায় পুনঃসংযোগের সম্ভাবনার কাছে—স্মৃতির সঙ্গে বর্তমানের, মানুষের সঙ্গে তার সাংস্কৃতিক শিকড়ের এবং ঐতিহ্যের সঙ্গে নতুন সৃজনশীলতার।
গ্যালারী
‘বিচ্ছেদের বাজার’-এর গান, শিল্প, আলোচনা, মানুষ ও স্মৃতির নির্বাচিত মুহূর্তের আলোকচিত্র। এই গ্যালারিতে সংরক্ষিত হয়েছে আয়োজনটির পরিবেশ, অংশগ্রহণ এবং কিছু অন্তরঙ্গ মুহূর্ত।









